রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে।
পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি জানান, “যে ট্রাইব্যুনাল ন্যায়সঙ্গতভাবে অভিযোগ যাচাই করে, সেখানে অভিযোগকারীদের সঙ্গে মুখোমুখি হওয়া আমার জন্য ভয়ংকর কিছু নয়। আমি সব সময় আমার মানবাধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের রেকর্ড নিয়ে গর্বিত।”
শেখ হাসিনা আগেই এই মামলাকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জকে আন্তর্জাতিক পর্যায়ে আদালতের মাধ্যমে মোকাবিলা করতে প্রস্তুত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবৃতিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই রায় দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য প্রভাব ফেলতে পারে, কিন্তু তিনি জনগণের পাশে থেকে তার ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন।


