শাপলা কলি প্রতীকের নকশা না পাওয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যর্থ হচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি
শাপলা কলি প্রতীকের নকশা না পাওয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যর্থ হচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন থেকে শাপলা কলি প্রতীকের ডিজাইন না পাওয়ায় নির্বাচনী প্রচারণায় সমস্যা মোকাবেলা করছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ডিজাইন না পাওয়ার কারণে দল কার্যকরভাবে প্রচারণা শুরু করতে পারছে না।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এটি আমাদের জন্য একটি জটিল পরিস্থিতি।”

তিনি আরও জানান, দল গঠনের পর থেকে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়ার পর বিভিন্ন অফিসে বাধা সৃষ্টি হয়েছে। হুমকি, পারিবারিক হেনস্তা এবং প্রশাসনিক অসুবিধার মধ্য দিয়ে দলটি শেষ পর্যন্ত শাপলা কলি মার্কা গ্রহণ করেছে। তবে এখনও প্রতীকের চূড়ান্ত নকশা ইলেকশন কমিশন থেকে পাননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর ওপর দায়িত্ব রয়েছে। যেসব কমিটমেন্ট আমরা জনগণের কাছে দিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য হলো গণঅভ্যুত্থানের চেতনাকে সংসদে প্রতিফলিত করা।”

তিনি আরও উল্লেখ করেন, “মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার। এই চেতনার বাস্তবায়নেই আমাদের প্রার্থীরা সংসদে যাবে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এই আদর্শগুলো বাস্তবায়ন করতে।”

এনসিপি সূত্র জানিয়েছে, শাপলা কলি মার্কা হাতে প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। দল নিশ্চিত করেছে, এই প্রতীকের মাধ্যমে তারা জনগণের কাছে তাদের আদর্শ, নীতি ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরবে।