দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান

রাজনীতি
দেশে ফেরার বিষয়ে যা বললেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। এ অবস্থায় তারেক রহমান দেশে ফিরবেন কিনা—এ প্রশ্নে নানা আলোচনা চললেও, বিষয়টি নিয়ে নিজেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মায়ের কঠিন শারীরিক অবস্থায় পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে, তবে এতে ব্যক্তিগত সিদ্ধান্তই চূড়ান্ত নয়।

তিনি লিখেছেন, “মায়ের স্নেহ স্পর্শ পাবার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় এবং পুরোপুরি আমার নিয়ন্ত্রণাধীনও নয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমান পোস্টে আরও জানান, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী সাধারণ মানুষ, রাজনৈতিক বিভেদ অতিক্রম করে, দোয়া করে যাচ্ছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোগমুক্তির প্রার্থনার পাশাপাশি সর্বাত্মক চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকরা যেমন পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দিচ্ছেন, তেমনি কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্রও উন্নত চিকিৎসার সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তিনি জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেন।

দেশে ফেরার বিষয়টি নিয়ে তারেক রহমান বলেন, “স্পর্শকাতর এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত। তবে রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”