বিএনপি-জামায়াতের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৪ শতাংশ: আইআরআই জরিপ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী ভোটারদের মধ্যে প্রায় সমান জনপ্রিয়তা পেতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ভোটারদের ৩০ শতাংশ বিএনপিকে এবং ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র চার শতাংশ।
জরিপে অংশগ্রহণ করেছেন ৪,৯৮৫ জন ভোটার, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। (রাঙামাটি জেলা থেকে নমুনা নেওয়া হয়নি)। জরিপের আস্থা স্তর ৯৫ শতাংশ, ±১.৪ শতাংশের সম্ভাব্য বিচ্যুতি রয়েছে।
জরিপে আরও দেখা গেছে, আগামী নির্বাচনে অন্যান্য দলগুলোর ভোটের সম্ভাবনা এভাবে রয়েছে:
-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬%
-
জাতীয় পার্টি: ৫%
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪%
-
অন্যান্য দল: ৮%
আইআরআই জরিপে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রতি মানুষের আস্থা প্রমাণিত হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ ড. ইউনূসের নেতৃত্বের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং ৭০ শতাংশ বর্তমান সরকারের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া ৮০ শতাংশ মানুষ আশা প্রকাশ করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জরিপটি পরিচালনা করা হয়েছে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। তথ্য সংগ্রহে সরাসরি সাক্ষাৎকার (CAPI পদ্ধতি) ব্যবহার করা হয়। ফলাফল ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ শিরোনামে প্রকাশিত হয়েছে।


