শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

রাজনীতি
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অব্যাহত থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে তিনি বলেন, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার সম্ভাবনা মূল্যায়ন করেই তারেক রহমান দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।”

এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, তারেক রহমান ট্রাভেল পাসের জন্য এখনো আবেদন করেননি। তিনি আবেদন করলে দেশ ফেরার প্রক্রিয়ায় সরকার সব সহযোগিতা দেবে। একই সঙ্গে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেক্ষেত্রেও সহায়তার আশ্বাস দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা গত কয়েক দিন ধরে সংকটাপন্ন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

তার অবস্থার অবনতির পর সোমবার গভীর রাত থেকেই হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মূল ফটকে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি অপ্রয়োজনীয় ভিড় এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের নির্বিঘ্ন চলাচল ও খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৭ সাল থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান এবং চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ ১১৭ দিনের চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি শুরু হয়।