৯ জানুয়ারি ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত
প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা ও চলমান নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আগামী ৯ জানুয়ারি পূর্বঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক বৈঠক থেকে কর্মসূচিটি ঘোষণা করা হয়।
তবে একই দিনে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবং নির্বাচনি পরিবেশে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যেই দলটি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
ইসলামী আন্দোলনের নেতারা জানান, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।


