তারেক রহমানের তোপ: ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে বাংলাদেশে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম রাজনৈতিক শক্তি আবির্ভূত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জনগণ একটি দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। তারা আজ নতুন জালিমরূপে দেশ ও মানুষের কাছে হাজির হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি দল জাল ব্যালট ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ শাসন প্রতিষ্ঠা করবে?”
বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণকে ১৩ তারিখ থেকে আগামী ৫ বছরের জন্য পাশে রাখার আহ্বান জানাচ্ছেন। তবে ৫ আগস্টের পর দেখেছেন, স্বৈরশাসকরা এখনও জনগণকে ছোট করছে, মানুষকে অপদস্থ করছে। তিনি বলেন, “একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় জনগণের কাছে হাজির হয়েছে। তাদের মধ্যে এমন মানসিকতা দেখা যাচ্ছে, যা জনগণের আত্মসম্মান ও মর্যাদার সঙ্গে সম্পূর্ণ বিরোধ করে।”
তারেক আরও সতর্ক করেন, “গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে। যারা জনগণকে তুচ্ছ করছে, মা-বোনদের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে না, তাদের কাছ থেকে মানুষ ন্যায্য অধিকার ও মর্যাদা আশা করতে পারবে না। আগামীর বাংলাদেশ জনগণের রায়ের ভিত্তিতে চলবে।”
তিনি এর মাধ্যমে ভোটারদের কাছে সরাসরি বার্তা দিয়েছেন, যে জালিম ও প্রতারণাকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন এবং নির্বাচনে জনগণের ক্ষমতা প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


