রয়টার্সকে তারেক রহমান

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রাজনীতি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?” তিনি জানান, জামায়াতে ইসলামী যদি বিরোধী দলে থাকে, তাহলে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করেন।

দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। শেখ হাসিনা ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে দলটি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরেছে। যদিও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল, তবে এবার সেই জোট পুনর্গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন তারেক রহমান।

বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দলটি ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কতটি আসনে জয় পেতে পারে—সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তারেক রহমান। তিনি বলেন, “সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করব—এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।”

বিভিন্ন জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেলেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত অবস্থানের কথাও উঠে এসেছে। এ জোটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপিও যুক্ত হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট শক্তির বলয়ে আবদ্ধ হবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, তাহলে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার সবারই রয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটির একাধিক শীর্ষ নেতা এবং পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন।