সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ও চরমোনাই পীর, বিটিভিতে সম্প্রচার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। সন্ধ্যা ৭টায় তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
জাতীয় নাগরিক পার্টির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত, সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার রেকর্ড করা বক্তব্যও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।
এদিকে, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে।


