অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

রাজনীতি
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

অতীতে বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা ও অর্জনকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। “দেশ পরিচালনার সময় কোনো ক্ষেত্রে যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ ও জনগণের কল্যাণে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। তিনি দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে জবাবদিহিমূলক। দুর্নীতি দমনে বিএনপি সরকার সর্বোচ্চ কঠোরতা দেখাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার।

তিনি আরও বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভাষণে তরুণ ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” তিনি গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন ভোটের দায়িত্ব নিতে এবং নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা—তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলনীতি হবে ন্যায়পরায়ণতা। ধানের শীষের বিজয় কামনা করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন।