ধানের শীষে সমর্থন শীর্ষ আলেমদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ঘরানার একদল আলেম। তারা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে জাতীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ আলেমদের বিরুদ্ধে কটূক্তি ও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এছাড়া, তারা সাধারণ মানুষের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করলেও আন্তর্জাতিক পরিসরে ভিন্ন অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ প্রেক্ষাপটে জামায়াত-সমর্থিত প্রার্থীদের ভোট না দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষকে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়।
বিএনপি ও ধানের শীষের পক্ষে সমর্থন জানানোদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ফুলতলী দরবার, ছারছিনা দরবার, মাইজভান্ডার দরবার, জৈনপুরের দরবারের পীর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, ঢালকানগর পীর সাহেব শায়েখ আব্দুল মতিন, মুফতি জাফর আহমদ, মুফতি মনসুরুল হক, মাওলানা শওকত হোসেন সরকার এবং ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দুটি অংশের নেতৃবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সংকট থেকে উত্তরণে বিএনপির বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এবং বিভিন্ন মহলের বিরুদ্ধে উগ্র আচরণ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা কাটাতে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট দেওয়া প্রয়োজন।


