তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর বিপুল বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফোনালাপের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে জানান মোদি। তিনি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোদি বলেন, দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত প্রতিশ্রুতি রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
বিএনপির পক্ষ থেকেও এ অভিনন্দন বার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র বলছে, নতুন সরকারের অধীনে আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।


