ভোটে হারলেও যেভাবে সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস–এর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেট) তার যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে দলীয় সূত্রে জানা গেছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের পর জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি অনুযায়ী দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দলীয় একাধিক সূত্র জানায়, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অভ্যন্তরীণ আলোচনায় তার মনোনয়নই সবচেয়ে জোরালো।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্যপদ গ্রহণ নাও করতে পারেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট—ব্যবধান ছিল পাঁচ হাজারের কিছু বেশি।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।
সূত্র: দেশ রুপান্তর


