আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের কার্যক্রমে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করতেই ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পোস্টে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।”
নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় দলটিকে শেখ হাসিনা-র পরিণতির কথা স্মরণ করিয়ে সতর্কবার্তাও দেন।
শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে জনগণের কাছ থেকে তারা ম্যান্ডেট চেয়েছেন এবং সেই ম্যান্ডেটের সম্মান রক্ষা করা হবে।
এ সময় তিনি আরও বলেন, যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে আসেন, তাহলে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত হবে কি না—তা ভেবে দেখতে হবে।
দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখপাত্র। তার দাবি, শপথের আগেই কিছু গণমাধ্যমের আচরণ পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে। অতীতে যেসব উপাদান স্বৈরাচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল, সেগুলোর পুনরাবৃত্তি ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, দেশের একটি বড় অংশ—প্রায় ৪৬ শতাংশ ভোটার—বর্তমান সরকারকে ভোট দেয়নি। তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, দমন-পীড়নের মাধ্যমে আবারও ‘মাফিয়াতন্ত্র’ বা ‘ফ্যাসিবাদ’ কায়েমের চেষ্টা করা হলে তার পরিণতি শুভ হবে না।


