পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন তারেক রহমান: সারজিস
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির নতুন ধারা সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লেখেন, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে তারেক রহমান সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
এর আগে শনিবার জানানো হয়, সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।
সারজিস তার পোস্টে আরও লেখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলা জরুরি। এ উদ্যোগ গ্রহণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।


