অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি

রাজনীতি
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ আলোচনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সরকারি বাসভবন যমুনায় গিয়ে সনদে সই করে।

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যমুনা থেকে বেরিয়ে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) ব্যতিরেকে তারা সনদে স্বাক্ষর করেছেন। দেরিতে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, “সবার শেষে স্বাক্ষর করলেও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।”

অন্যদিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে, সে জন্য সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন সাত মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার পর গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর আয়োজন করে। সেদিন ২৪টি দল সনদে সই করে; পরে আরও একটি দল স্বাক্ষর করে।

তবে শুরুতে এনসিপি সনদে সই করেনি। এ বিষয়ে দলটি তিনটি দাবি তুলেছিল—
১) সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগেই প্রকাশ ও প্রধান উপদেষ্টার মাধ্যমে তা জারি,
২) গণভোটে সনদের পক্ষে রায় এলে নোট অব ডিসেন্ট অকার্যকর করা,
৩) গণভোটের রায়ের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার এবং সংশোধিত সংবিধানের নাম ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ নির্ধারণ।

পরবর্তীতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি হয়। এর অধীনে ১২ ফেব্রুয়ারি ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি প্রস্তাবে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়।