নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল

রাজনীতি
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিয়মনীতি মেনে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর এ বিষয়ে কাজ শুরু হবে। দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময়ে দলের জন্য ভূমিকা রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ; তাদের অফিস খোলার কথা নয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়।

বেলা ১১টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে তিনি নিজের কক্ষে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।