শিবিরকে ভবিষ্যৎ দায়িত্ব পালনে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর জনশক্তিকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে বৃহত্তর পরিসরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে নেতাকর্মীদের গড়ে তুলতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি বলেন, “বিজয়ের ধারাবাহিকতায় নৈতিকতার ঘাটতির আশঙ্কা থাকে। ছাত্রশিবিরের দৃশ্যমান শক্তি ও মর্যাদার মূল জায়গা হলো নৈতিকতা। এ ক্ষেত্রে কোনো ছাড় গ্রহণযোগ্য নয়।”
নামাজকে নৈতিকতার ভিত্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো অজুহাতে নামাজে শিথিলতা চলবে না। তরুণ বয়স থেকেই গোপন ও প্রকাশ্য নফল ইবাদতে অভ্যস্ত হলে তার প্রভাব আজীবন আচরণে প্রতিফলিত হয়। নৈতিক সৌন্দর্য মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে এবং তা বিজয়কে ত্বরান্বিত করে বলেও তিনি মন্তব্য করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সকাল ৮টায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশন শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
উদ্বোধন ঘোষণা করেন শিবিরের শহীদ মো. রেজবুন হক (প্লাবন)-এর পিতা মো. আজাদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে নূরুল ইসলাম বলেন, কার্যকরী পরিষদ সংগঠনের নীতি-আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। সদস্যদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে কেন্দ্রীয় সভাপতিকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা ২০২৬ উপস্থাপন, সেক্রেটারিয়েট গঠন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়। এছাড়া বিদায়ী সদস্যদের বক্তব্য, বিশেষ অতিথিদের আলোচনা, ইহতেসাব ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), মুহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. রেজাউল করিম ও জাহিদুল ইসলাম।

