খামেনি হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ডেকেছে জামায়াত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে এবং এতে আয়াতুল্লাহ খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।”
দলটির নেতারা জানান, কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


