দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে

রাজনীতি
দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বিএনপি। শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মশালার কার্যক্রম শুরু হয়।

সকালের সেশনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন।

আয়োজিত কর্মশালার বিকেলের সমাপনী সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শনিবারের কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

এর আগে শুক্রবার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সংসদ নেতা তারেক রহমান। প্রথম দিনের সেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া এক সংসদ সদস্য জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী, বিধি-বিধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন।