শিরোনাম: ওসমান হাদি হত্যা ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: নাছির উদ্দীন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, হত্যাকাণ্ড সংঘটনের কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকেরা ভারতে পালিয়ে যায়। তিনি দাবি করেন, এ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেপ্তার হয়েছেন এবং দেশটির বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু নৈরাজ্যবাদী গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় ভারতে আশ্রয় নেওয়া প্রধান দুই আসামির গ্রেপ্তার হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। দলটির নির্বাচনী ইশতেহারেও এ হত্যার বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছিল।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে ভারত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বাংলাদেশে প্রত্যর্পণ করবে। এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা থাকবে বলেও তিনি আশা করেন।


