আজ রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ
রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী নাগরিক আয়োজনে শুরু হচ্ছে ঈদ উৎসব। এর অংশ হিসেবে আজ শুক্রবার (২০ মার্চ) রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে উৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হবে।
উৎসবের আয়োজকরা জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। এর আগে দিনব্যাপী চলবে মেহেদি উৎসব, যেখানে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ থাকবে।
আয়োজক কমিটির দাবি, ঢাকার হারিয়ে যাওয়া নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি পুনরুজ্জীবনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন, আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল। এই মিছিল শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে।
তৃতীয় দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। এতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হবে।


