আজ রাতেই সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (রোববার) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এছাড়া উপস্থিত থাকবেন দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা দেশের নগর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


