এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা
দেশে হাম সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান নিয়ে জাতীয় সংসদে তীব্র সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার সংসদের প্রথম অধিবেশনে ৭১ বিধির আলোচনার সময় সংসদ সদস্য রুমিন ফারহানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে বক্তব্য দেন।
রুমিন ফারহানা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে বলেন, ১৫ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে মাত্র ১০ দিনে ৯৮ শিশুর সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জনের। তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে চারজন এবং নিশ্চিতভাবে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিক গত দুই সপ্তাহে ৬১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। তার মতে, দেশের হামে মৃত্যুহার আগে প্রতি ১০ লাখে ১ শতাংশ ছিল, যা বর্তমানে ১৬.৮ শতাংশে পৌঁছেছে।
রুমিন ফারহানা বলেন, “এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের কান্না ও সন্তানের লাশ কাঁধে নেওয়ার অসহনীয় বেদনা।”
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হামের রোগীদের নিয়ে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়। তিনি বলেন, “ভয় দেখানো ঠিক না, এতে জনগণের মধ্যে প্যানিক তৈরি হতে পারে।”
এ বক্তব্যের জবাবে রুমিন ফারহানা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি তো ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে তো বলছি না। সংসদে যদি জনগণের স্বার্থে কথা বলতে না পারি, তাহলে কোথায় বলব?”
মন্ত্রী আরও বলেন, কাউকে কথা বলতে নিষেধ করা হয়নি, শুধুমাত্র প্যানিক না তৈরির আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ৪১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


