প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে জামায়াত
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই প্রিয় বাংলাদেশে রাজনীতির সুস্থ ধারায়, জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করুক।”
বিরোধী দলীয় নেতা উল্লেখ করেন, “১৯৭৯ সালে অল পলিটিক্যাল পার্টি রিভাইভাল অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। সে সময়ে সব রাজনৈতিক দল তাদের রাজনীতি করার অধিকার ফিরে পায়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি যারা এই উদ্যোগ নিয়েছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
শফিকুর রহমান বলেন, “এই বিলটি এমন একটি বিষয় প্রস্তাব করছে, যা স্বাধীনতার পরে পূর্ববর্তী শাসকরা আনার সাহস দেখাননি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রীও এটি আনেননি। সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে এটি আনা হয়েছে বর্তমান সরকার কর্তৃক।”
তিনি আরও উল্লেখ করেন, “বিলে তিনটি সংগঠনের নাম এসেছে—তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী। পাক সেনা ও অন্যান্য সহযোগী বাহিনীর সঙ্গে এই তিনটি রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। একাত্তরের সময় কার কী ভূমিকা ছিল, তার পূর্ণাঙ্গ জ্ঞান শুধুমাত্র আল্লাহ তায়ালা জানেন; আমরা আংশিক সাক্ষী।”


