জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

রাজনীতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতে ইসলামীর প্রতিবাদ
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন নির্ধারিত দরে ডিজেলের লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের বাজারমূল্যে প্রতিফলিত হবে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

কৃষি খাতও এর প্রভাব থেকে মুক্ত থাকবে না উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।

বিবৃতিতে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।