‘গুপ্ত রাজনীতি’ চিরতরে নিষিদ্ধের দাবি ছাত্র জমিয়তের
শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক। তার মতে, এ ধরনের পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
তিনি অভিযোগ করেন, কিছু সংগঠন ক্যাম্পাসে গোপন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে, যা স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির পরিপন্থী এবং অস্থিরতা সৃষ্টি করছে।
মাযহারী বলেন, ক্যাম্পাস কোনো লাঠিয়াল বাহিনীর কর্মকাণ্ডের জায়গা নয়। শিক্ষাঙ্গনকে অবশ্যই রাজনৈতিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশে রাখতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা, সংঘর্ষে জড়িতদের জবাবদিহির আওতায় আনা, হলগুলোতে গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ করা এবং পেশিশক্তিনির্ভর রাজনীতি রোধ করা।
ছাত্র জমিয়ত আরও জানায়, তারা ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়; বরং লেজুড়বৃত্তিক ও সহিংস রাজনীতির অবসান চায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


