মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করা ডাবল অপরাধ: ফজলুর রহমান

রাজনীতি
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করা ডাবল অপরাধ: ফজলুর রহমান
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে সরকারি দলের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার সময় একাধিকবার হট্টগোল হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যে ফজলুর রহমান অভিযোগ করেন, তাকে ‘ফজা পাগলা’ বলে কটূক্তি করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে অপমান করা হয়েছে। তবে স্পিকার এ ধরনের মন্তব্য সংসদে হয়েছে কি না—সে বিষয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বক্তব্যে সংযত থাকার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরবর্তীতে জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কঠোর মন্তব্য করলে বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন,  বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ করতেছে—এমন মন্তব্যের পর সংসদে ব্যাপক শোরগোল শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার বারবার হস্তক্ষেপ করে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “এটি জাতীয় সংসদ, সারা জাতি দেখছে। শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।” পাশাপাশি ‘রুলস অব প্রসিডিউর’ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

হট্টগোলের মধ্যেও ফজলুর রহমান বক্তব্য অব্যাহত রাখেন এবং যুদ্ধাপরাধ, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ইনডেমনিটি ইস্যু নিয়েও কথা বলেন।

ঘটনাটি সংসদের ভেতরে তীব্র রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।