জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে সরকার: ইইউ প্রতিনিধিদলকে নাহিদ

রাজনীতি
জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে সরকার: ইইউ প্রতিনিধিদলকে নাহিদ
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের জন্য এনসিপি সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।