দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

রাজনীতি
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে আদালত এদিন আদেশের জন্য নির্ধারণ করেন।

অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত সোমবার (২৭ এপ্রিল) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এর মধ্যেই গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাকে পুনরায় জামিন দেন।

যেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরও একটি মামলা রয়েছে।

হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত ওই জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

এদিকে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই আরও দুটি মামলায় আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে, ফলে তার জামিনসংক্রান্ত আইনি লড়াই এখনও অব্যাহত রয়েছে।