মোহাম্মদপুরে গুলির ঘটনায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ এ চার্জশিট জমা দেওয়া হয়। মামলায় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
চার্জশিটে নাম থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। তিনি পরে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শুরুতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পরের সঙ্গে যোগসাজশে ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার দিন বিকেলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনায় গুরুতর আহত আশিককে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


