ঢাবি ও হাইকোর্ট এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার, তদন্তে পুলিশ

রাজধানী
ঢাবি ও হাইকোর্ট এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার, তদন্তে পুলিশ
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৫

রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও হাইকোর্টের আশপাশের এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে এসব ককটেল ফেলে যায় দুর্বৃত্তরা, যা ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের পাশের একটি গাছের নিচে সন্দেহজনক দুটি খাবারের প্যাকেট দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে তাতে লাল টেপ মোড়ানো ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় যোগাযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট ৬টি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।

অন্যদিকে, একই সকালে হাইকোর্ট মাজার গেট ও তার বিপরীত পাশের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেখান থেকেও বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দীন আহমদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা সময়মতো বিষয়টি শনাক্ত করতে সক্ষম হয়েছেন। আমরা পুলিশকে জানাই, এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, “উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা না হলেও নাশকতার সম্ভাবনা মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। ক্যাম্পাস ও হাইকোর্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।