সমুদ্র তলদেশের মানচিত্রায়নে আরও পেশাদারিত্বের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার (২০ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশীয় হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশের সমুদ্রসীমার একটি সম্পূর্ণ তথ্যভাণ্ডার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সমুদ্র তলদেশের বিস্তারিত ও সঠিক মানচিত্রায়ন অপরিহার্য। এর মাধ্যমে একটি কার্যকরী ও টেকসই সমুদ্রনীতি গড়ে তোলা সম্ভব হবে, যা বঙ্গোপসাগরের সম্ভাবনাকে আরও কাজে লাগাবে।
ড. ইউনূস আরও বলেন, সমুদ্রসীমা নিরাপত্তা, মৎস্য সম্পদ রক্ষা, তেল-গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোগ্রাফির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ নৌবাহিনী এই দায়িত্ব পালন করছে যথাযথ ও আন্তরিকভাবে। জাতিসংঘের সমুদ্র আইন অনুসারে মহীসোপান অঞ্চল নির্ধারণ এবং নীল অর্থনীতির বিকাশে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, হাইড্রোগ্রাফিক বিভাগ উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রবন্দর উন্নয়নে ভবিষ্যতে আরও বেশি অবদান রাখবে।
উল্লেখ্য, এবারের দিবসের থিম ‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন’, যা গভীর সমুদ্রের মানচিত্রায়নের গুরুত্ব প্রতিফলিত করে।


