দুর্ঘটনা না হত্যাকাণ্ড? কাজিনের মৃত্যু নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহির ক্ষোভ

বিনোদন
দুর্ঘটনা না হত্যাকাণ্ড? কাজিনের মৃত্যু নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহির ক্ষোভ
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তার প্রিয় কাজিন আবু শাহেদ রাসেল-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায়। মাহির দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং তার ভাইকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাজিনের জাতীয় পরিচয়পত্রের ছবি শেয়ার করে মাহি লেখেন,

“আমার ভাইটা চলে গেল । ওকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।”

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে, কুমিল্লার ময়নামতি এলাকায়। মাহির ভাষ্য অনুযায়ী, রাসেল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি বড় গাড়ি ধাক্কা দিয়ে তাকে পাশের পুকুরে ফেলে দেয়।
পুকুরটি মূল সড়ক থেকে দূরে থাকায় তাৎক্ষণিকভাবে কারও চোখে পড়েনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনার সময় কোনো গাড়ি আশপাশে না থাকলেও, একটি মোটরসাইকেলের আরোহীরা ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মাহি জানান,

“ও এক ঘণ্টার মতো বেঁচে ছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

এই ঘটনার পরও মাহির পরিবার এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে মাহি বলেন,

“যেহেতু আমরা জানি না কোন গাড়ি ওকে ধাক্কা দিয়েছে, কী নম্বর ছিল, তাই কিছুই করা সম্ভব হয়নি। তাছাড়া দাফনের আগে পোস্টমর্টেম করাতে চাইনি।”

প্রসঙ্গত, নিহত রাসেলের সঙ্গে থাকা মাহির বাগদত্তা সাদাত শাফি নাবিলের ভিজিটিং কার্ড থেকে উদ্ধারকারীরা যোগাযোগ করে পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছায়।

এ ঘটনার পর মাহির পরিবার ও কাছের আত্মীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুক পোস্টে ও বিভিন্ন গণমাধ্যমে মাহি তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন এবং রহস্যজনক মৃত্যুর বিষয়ে আরো তথ্য বেরিয়ে আসার প্রত্যাশা করেছেন।