জায়েদ খানের নতুন লুক, অ্যাকশন সিনেমা ঘিরে ভক্তদের কৌতূহল
হাতে রাইফেল, কোমরে পিস্তল, চোখে সানগ্লাস আর সাদা টি-শার্ট—এমন ভিন্নধর্মী লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তাঁর এই নতুন রূপ দেখে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, নতুন কোনো অ্যাকশন সিনেমায় দেখা যাবে তাঁকে, নাকি এটি শুটিংয়ের কোনো দৃশ্য?
জানা গেছে, কানাডায় নির্মাণাধীন বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় গেছেন তিনি। সিনেমাটির শুটিং বর্তমানে সেখানে চলছে।
তবে রাইফেল ও পিস্তল হাতে জায়েদ খানের যে ছবিটি আলোচনায় এসেছে, সেটি সিনেমার নির্দিষ্ট কোনো দৃশ্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্রের দাবি, ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং চলাকালেই ছবিটি তোলা হয়েছে।
কামাল হোসেন বাবর পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী।
কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে জায়েদ খানের অভিনয়ের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর তাঁকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
বড় পর্দায় জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সোনার চর’, যা ২০২৪ সালে মুক্তি পায়। নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ তাঁর চরিত্র ও অভিনয় দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।


