বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মিমি চক্রবর্তী, হাসতে হাসতে যা বললেন
কলকাতার বিনোদনজগতে এখন দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ। এর মধ্যেই টালিউডে নতুন করে আলোচনায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে লাজুক হাসিতে মিমির জবাব, ‘আমিও শুনছি আমার বিয়ে!’
এবারের দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা মিমি চক্রবর্তী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচার নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। কাজের ব্যস্ততার পাশাপাশি পূজার আনন্দ উপভোগের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
জলপাইগুড়িতে জন্ম নেওয়া মিমি কাজের সূত্রে কলকাতায় এলেও শহরটির দুর্গাপূজার প্রতি তার রয়েছে বিশেষ ভালোবাসা। প্রতিবছর পূজার সময় কলকাতাতেই থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সিনেমার প্রচারের ব্যস্ততা শেষ করে পূজার আনন্দে মেতে উঠবেন এই অভিনেত্রী।
পূজায় অঞ্জলি দেওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঢাকের তালে ধুনুচি নাচ—সব মিলিয়ে উৎসবের দিনগুলো কাটানোর পরিকল্পনা রয়েছে তার। সাজপোশাকেও সাবেকি ধারাই পছন্দ মিমির। পুরোনো দিনের শাড়ি ও মায়ের গয়না পরেই পূজার দিনগুলো উপভোগ করতে চান তিনি।

আসন্ন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও তার পরিচালনায় এবারই প্রথম কাজ করলেন অভিনেত্রী। চরিত্রের প্রস্তুতি নিতে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পুপের আদল অনুসরণ করেছেন তিনি। নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী মিমি।
তবে সিনেমার প্রচারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল কম নয় ভক্তদের। বিশেষ করে ডিসেম্বর মাসে বিয়ের সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে মিমি বলেন, ‘আমিও শুনছি আমার বিয়ে!’
কেমন পাত্র পছন্দ, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে চান তিনি। পাত্রকে তার ভালো বন্ধু ও আনন্দপ্রিয় হতে হবে। পাশাপাশি তার মতো ভ্রমণপিপাসু এবং শিশুদের প্রতি ভালোবাসা থাকতে হবে।
তবে বিয়ের দিনক্ষণ নিয়ে এখনই কিছু জানাতে চান না মিমি। বিয়ে নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘সবার বিয়ে খেতে আমার ভালোই লাগে। যখন আমার বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
অর্থাৎ, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। আপাতত নতুন সিনেমার প্রচার আর দুর্গাপূজার আনন্দ নিয়েই ব্যস্ত সময় কাটছে মিমি চক্রবর্তীর।
সূত্র: আনন্দবাজার


