মেট্রো স্টেশনে আচমকা রানী মুখার্জির কণ্ঠ, চমকে গেলেন যাত্রীরা
মুম্বাইয়ের ব্যস্ত রেলস্টেশনে হঠাৎ করেই শোনা গেল বলিউড অভিনেত্রী রানী মুখার্জির কণ্ঠ। নিয়মিত ঘোষণা চলার মধ্যেই পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ভেসে আসে অভিনেত্রীর পরিচিত ও দৃঢ় কণ্ঠ। বিষয়টি মুহূর্তেই নজর কাড়ে স্টেশনে থাকা যাত্রী ও ভক্তদের।
তবে এটি কোনো সাধারণ ঘোষণা ছিল না। ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র শিবানি শিবাজি রায়ের কণ্ঠে শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন রানী। একই সঙ্গে সনি ম্যাক্স চ্যানেলে ‘মারদানি ৩’-এর টেলিভিশন প্রিমিয়ারের প্রচারণাও চালান তিনি।
স্টেশনের লাউডস্পিকারে হঠাৎ প্রিয় অভিনেত্রীর কণ্ঠ শুনে অনেক যাত্রীই থমকে যান। ব্যস্ত স্টেশনের স্বাভাবিক কোলাহলের মধ্যে এমন ব্যতিক্রমী প্রচারণা তৈরি করে ভিন্নরকম পরিবেশ।
রানীর এই বার্তায় শুধু সিনেমার প্রচারণাই নয়, শিশুদের নিরাপত্তা ও সচেতনতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফলে ঘটনাটি যাত্রীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।
স্টেশনে ধারণ করা ওই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রানী মুখার্জির এই অভিনব প্রচারণার প্রশংসা করেন অনেক ভক্ত। সাধারণ মানুষের চলাচলের জায়গাকে সচেতনতামূলক বার্তার মঞ্চ হিসেবে ব্যবহার করায় ঘটনাটি হয়ে ওঠে আলোচনার বিষয়।
সূত্র: আজকাল


