জামায়াত ক্ষমতায় এলে ‘জুলাই শহীদদের’ জাতীয় মর্যাদা দেওয়ার ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “ছাত্রসমাজ এক সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে যে দাবি তুলেছিল, সেই ন্যায়বিচার কেবল আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।”
রোববার (৬ জুলাই) লক্ষ্মীপুর পৌর শহরের একটি মসজিদে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ ও আহতদের’ স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি জনগণের সমর্থনে ক্ষমতায় আসে, তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করা হবে। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”
লক্ষ্মীপুরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক দলীয় কর্মী ও স্থানীয় মুসল্লি।
তথাকথিত ‘জুলাই শহীদ’ বা ‘জুলাই বিপ্লব’ নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিনের। এই ঘটনাকে ঘিরে জামায়াত দলীয়ভাবে স্মরণ করে আসছে একদল ‘যোদ্ধা ও শহীদকে’, যদিও এটি নিয়ে জাতীয়ভাবে কোনো স্বীকৃতি নেই।


