ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

ধর্ম
ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফেজ ত্বকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং প্রতিষ্ঠানটির হয়ে একাধিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

মাত্র ২৫ বছর বয়সী এই তরুণ হাফেজ ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচু করে আসেন তিনি।

হাফেজ ত্বকীর জন্ম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তাঁর বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। সন্তানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোক প্রকাশ করছেন তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশের কোরআন চর্চার অঙ্গনে তাঁর এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ধর্মীয় ব্যক্তিত্ব ও সহপাঠীরা।