মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি সুন্দরী নাদিন
থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বুধবার অনুষ্ঠিত হলো ন্যাশনাল কস্টিউম শো। সারাবিশ্বের প্রতিযোগীরা জমকালো ও চকমক পোশাকে মঞ্চে সমানভাবে দৃষ্টিনন্দন লুক উপস্থাপন করলেও ফিলিস্তিনের প্রতিযোগী নাদিন আইয়ুব নিজস্ব ঐতিহ্য ও ইতিহাসের গল্প বহন করা পোশাকে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
আইভরি রঙের গাউনটি তৈরি করেছেন ফিলিস্তিনি ডিজাইনার নাভিন এলকাদি। গাউনের নির্মল আইভরি রং পবিত্রতার প্রতীক, আর গলার অংশ, হেমলাইন ও কাঁধজুড়ে সবুজ–সোনালি সূচিকর্ম ফিলিস্তিনের গ্রামসমূহের ঐতিহ্য তুলে ধরে।
গাউনের সঙ্গে তিনি পরেছিলেন হাতে আঁকা বিশেষ কেপ। এতে ছিল জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালখরের ছবি, যা ইসলাম ও খ্রিষ্টান সম্প্রদায়ের সৌহার্দ্যের প্রতীক। এছাড়া কেপে ফুটে উঠেছিল জলপাই শাখা এবং একটি চাবি—১৯৪৮ সালের নাকবার পর ফিলিস্তিনিদের প্রতিরোধ ও আশার বার্তা বহন করে।

আইয়ুবের পোশাকে ব্যবহৃত সূচিকর্ম ছিল ‘তাতরিজ’, যা ফিলিস্তিনি গ্রামসমূহের ঐতিহ্যবাহী নকশা এবং প্রথম ইন্তিফাদার সময় সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়। পোশাকের বর্ডারের রঙও ফিলিস্তিনের বিখ্যাত জলপাইয়ের প্রতি শ্রদ্ধা জানায়। মাথার অলংকার ‘ক্রাউন’ হিসেবে পরিচিত, যা ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ থেকে অনুপ্রাণিত এবং এতে ছোট ছোট মুদ্রা সংযোজিত। কানের দুলের নকশা নেওয়া হয়েছে বেথলেহেমের তারকা আকৃতির তাতরিজ মোটিফ থেকে।
নাদিন আইয়ুব মঞ্চে গাউন ও কেপ পরার মুহূর্তকে আবেগঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন,
“এটি শুধু একটি পোশাক নয়; এটি আমার ঐতিহ্য, আমার কণ্ঠ, আমার হৃদয়।”
ফিলিস্তিনি প্রতিযোগীর এই অনন্য পোশাক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই বলেছেন, এটি ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয় একত্রিত করে গ্লোবাল মঞ্চে ফুটিয়ে তুলেছে।


