দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিম

বিনোদন
দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিম
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

টানা দুই বছর বড় পর্দা ও ওটিটিতে অনুপস্থিত থাকার পর আবারও পূর্ণোদ্যমে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজেই ঘোষণা দিলেন— ২০২৬ সাল হবে তার ‘কামব্যাক ইয়ার’।

২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে শেষ দেখা মিলেছিল মিমের। এরপর তিনি যেন আড়ালেই ছিলেন। তবে বিরতির সময়ে থেমে থাকেননি; ভালোর অপেক্ষায় কাজ করছিলেন পর্দার আড়ালে।

সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিম জানান, তিনি ইতোমধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন।
প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার আগে এসব কাজের নাম বা চরিত্র নিয়ে মুখ খুলতে চান না তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওই দুটি কাজ ছাড়াও মিমের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট। জানালেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবেই তাকে দেখা যাবে বড় পর্দা ও ওটিটিতে।

তিনি বলেন,
“গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও আমি ব্যস্ত ছিলাম। ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী মাসেই নতুন একটি কাজের ঘোষণা আসবে।”

বিরতির আগে মিম ছিলেন দারুণ আলোচিত।

২০২২ সালের ঈদুল আজহায় রায়হান রাফীর ‘পরান’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা পান

একই বছর তার অভিনীত ‘দামাল’ নজর কাড়ে দর্শক-সমালোচক সবার

২০২৩ সালে মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’

একই বছর সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এও প্রশংসা কুড়ান

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়েই ফিরছেন বিদ্যা সিনহা মিম। ভক্তদের অপেক্ষার প্রহর এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার দিকে।