‘তারা’য় আলো ছড়াবেন গানের বুলবুলি নন্দিতা
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে নজরুলের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা এবার নতুন সাংস্কৃতিক উদ্যোগ ‘তারা’–র উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন। তরুণ প্রজন্মের জন্য ব্যতিক্রমী সাংস্কৃতিক আন্দোলন হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরছে এই প্ল্যাটফর্ম।
আয়োজকদের মতে, ‘তারা’ শুধু সঙ্গীত আয়োজন নয়, বরং শিল্প–সংস্কৃতি, ইতিহাস, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে তরুণদের নতুনভাবে সাংস্কৃতিক চর্চায় যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।
আগামী ২৮ নভেম্বর গুলশান এভিনিউয়ের ক্যাফে ১৩৮ ইস্টে অনুষ্ঠিত হবে ‘তারা আনপ্লাগড’। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া উদ্বোধনের বিশেষ আকর্ষণ থাকছেন নন্দিতা। তার সঙ্গে মঞ্চে থাকবেন মোজি অ্যান্ড কো ব্যান্ডের শিল্পী শুভেন্দু দাস শুভ, যার আকুস্টিক সাউন্ড ও কব্যময় পরিবেশনা ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের দৃষ্টি কাড়ছে।
এ ছাড়া তরুণ গায়ক অনিমেষ রায় পরিবেশন করবেন একক গান।
আয়োজকরা জানান, সাংস্কৃতিক পতন নয়—বরং নতুন করে উত্থানের সময় এখন। তাই তারার লক্ষ্য প্রজন্মকে তাদের শেকড়, ইতিহাস ও শিল্প–সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা। তাঁরা জানান, “তারা একটি আন্দোলন—যেখানে সঙ্গীত, দর্শন, শিল্পকলা, লোকসংস্কৃতি—সবকিছু মিলেই তৈরি হবে নতুন প্রজন্মের চিন্তার জগৎ।”
‘তারা’র যাত্রা এখানেই শেষ নয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরে তারা আয়োজন করবে—
তারা সাংস্কৃতিক উৎসব
করপোরেট প্রদর্শনী ও সৃজনশীল সমাবেশ
থিমভিত্তিক আর্ট ও মিউজিক ইভেন্ট
নিয়মিত তরুণদের জন্য সাংস্কৃতিক কর্মশালা
আয়োজকদের প্রত্যাশা, নন্দিতার মতো শিল্পীদের অংশগ্রহণ আগামী দিনের সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ হয়ে উঠবে।


