দান–সদকার অপরিসীম ফজিলত

ধর্ম
দান–সদকার অপরিসীম ফজিলত
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

দান ও আল্লাহর পথে ব্যয় করা ইসলামে অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় একটি ইবাদত। কোরআন–হাদিসে এ আমলের গুরুত্ব, প্রতিদান এবং আত্মিক উপকারিতা সম্পর্কে অসংখ্য নির্দেশনা পাওয়া যায়। মুমিনের চরিত্র, তাকওয়া ও আল্লাহভীতি বর্ণনার সময়ও দানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন মহান আল্লাহ।

কোরআনে দানকারীদের জন্য ভয়–দুশ্চিন্তামুক্তির সুসংবাদ

কোরআনুল কারিমে দানকারীদের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন—
“যারা আল্লাহর পথে ব্যয় করে, পরবর্তীতে খোঁটা দেয় না বা কষ্ট দেয় না—তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।”
— সুরা বাকারা: ২৬২

এর আগের আয়াতে দানের বহুগুণ প্রতিদান সম্পর্কে বলা হয়েছে—
একটি বীজ যেমন সাতটি শীষে বিভক্ত হয় এবং প্রতিটি শীষে থাকে একশত করে দানা; আল্লাহ যাকে ইচ্ছা তার প্রতিদান আরও বাড়িয়ে দেন।
— সুরা বাকারা: ২৬১

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সুরা আনফালের শুরুতে মুমিনদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন—
তারা নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে।
— সুরা আনফাল: ২–৪

একইভাবে সুরা বাকারার শুরুতে মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে দানকে উল্লেখ করা হয়েছে—
“যারা গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং রিজিক থেকে ব্যয় করে—এই কিতাব তাদের জন্য পথপ্রদর্শক।”
— সুরা বাকারা: ২–৩

হাদিসের বিভিন্ন বর্ণনায় দান–সদকার অফুরন্ত ফায়দা তুলে ধরা হয়েছে।

অর্ধেক খেজুর দান করেও জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ
রাসুল (সা.) বলেন:
“অর্ধেক খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও।”
— সহিহ বুখারি, সহিহ মুসলিম

দান খারাপ মৃত্যু থেকে রক্ষা করে
রাসুল (সা.) বলেন:
“সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং অমঙ্গলজনক মৃত্যু থেকে রক্ষা করে।”
— তিরমিজি

দুই ফেরেশতার দোয়া ও বদদোয়া
প্রতিদিন সকালে দুই ফেরেশতা দোয়া করেন—
“হে আল্লাহ! দানকারীর সম্পদ বৃদ্ধি করুন।”
আরেক ফেরেশতা বলেন—
“হে আল্লাহ! কৃপণের ধন–সম্পদ ধ্বংস করে দিন।”
— সহিহ বুখারি, সহিহ মুসলিম

দান পাহাড়সমান হয়ে যায়
হালাল উপার্জিত সম্পদ থেকে দান করলে আল্লাহ তা গ্রহণ করে বাড়িয়ে দেন।
রাসুল (সা.) বলেন:
“আল্লাহ তাআলা দানকে এমনভাবে লালন করেন যে, তা শেষে পর্বতের মতো বিশাল হয়ে যায়।”
— মুআত্তা মালেক

ইসলামি বিশেষজ্ঞদের মতে, দান শুধু আর্থিক লেনদেন নয়; এটি একজন মুমিনের ইমান, তাকওয়া ও আল্লাহভীতির প্রতিফলন। দান করার মাধ্যমে সমাজে দ্ররিদ্রতা কমে, সম্পদ পবিত্র হয় এবং মানুষের অন্তরে দয়া–মমতা জন্মায়।