সবার আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নারী?

ধর্ম
সবার আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নারী?
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

ইসলামি বিশ্বাস অনুযায়ী জান্নাত হলো মুমিনদের চিরস্থায়ী আবাস। সৃষ্টির শুরুতে মানুষকে এই জান্নাত থেকেই পৃথিবীতে পাঠানো হয়েছিল, আবার দুনিয়ার জীবন শেষে শুধু আল্লাহর নির্দেশিত পথে চলা মানুষই সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

হাদিসে বর্ণিত আছে—কিয়ামতের দিনে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য। হজরত আনাস ইবনু মালিক (রা.)-এর বর্ণনায় রাসুল (সা.) বলেন, তিনি জান্নাতের দরজায় উপস্থিত হলে খাজাঞ্চি জানতে চাইবেন, ‘আপনি কে?’ উত্তরে তিনি বলবেন, ‘মুহাম্মাদ’। তখন খাজাঞ্চি বলবেন, ‘আমি আপনার জন্যই দরজা খুলতে নির্দেশ পেয়েছি।’ (সহিহ মুসলিম)

আরেক বর্ণনায় হজরত ওমর ইবনু খাত্তাব (রা.) বলেন, রাসুল (সা.) ঘোষণা করেন—তিনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না; তেমনি তাঁর উম্মত প্রবেশের আগে পূর্ববর্তী কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। (আল-মু’জামুল আওসাত)

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরাসরি সহিহ হাদিসে নারীদের মধ্যে প্রথম প্রবেশকারীর নাম স্পষ্ট না হলেও, জান্নাতের শ্রেষ্ঠ নারীদের বিষয়ে একাধিক প্রামাণ্য বর্ণনা রয়েছে।

হজরত আব্বাস (রা.)-এর বর্ণনায় রাসুল (সা.) চারটি রেখা টেনে বলেন—এই চারজন জান্নাতবাসীদের মধ্যে শ্রেষ্ঠ নারীদের প্রতিনিধি:

খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.),ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.),মারিয়াম বিনতে ইমরান,ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিম।
(মুসতাদরাক হাকিম)

তাবরানির আরেক বর্ণনায়ও জান্নাতের নারীদের নেতৃত্বে তাদের নাম উল্লেখ রয়েছে।

কিছু বর্ণনায় বলা হয়েছে, হজরত ফাতিমা (রা.) নারীদের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশ করবেন। আবার অন্যান্য বর্ণনায় এসেছে—সন্তানের দায়িত্বে নিজেকে নিবেদন করে দ্বিতীয় বিয়ে না করা এক ধার্মিক বিধবা নারী জান্নাতের দরজায় রাসুল (সা.)-এর সঙ্গে প্রবেশে তাড়াহুড়া করবেন। (মুসনাদে আবু ইয়ালা)

জান্নাতে প্রবেশের মর্যাদা ও ক্রম নিয়ে বিভিন্ন বর্ণনা থাকলেও ইসলাম স্পষ্টভাবে বলেছে—দুনিয়ার জীবন আল্লাহর নির্দেশনা মেনে চললেই জান্নাতের দরজা খুলবে। নবী-রাসুল, সাহাবি ও নেককার বান্দাদের মাধ্যমে জান্নাতের বিশেষ মর্যাদা সম্পর্কে মুসলিম সমাজ দিকনির্দেশনা পেয়ে থাকে।