এনসিপি নেতা আখতারের বক্তব্য ‘উদ্দেশ্যমূলক’ দাবি করে জামায়াতের প্রতিবাদ

রাজনীতি
এনসিপি নেতা আখতারের বক্তব্য ‘উদ্দেশ্যমূলক’ দাবি করে জামায়াতের প্রতিবাদ
নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সাম্প্রতিক মন্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে খণ্ডন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আখতার হোসেন গত ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলকে ‘অস্ত্রের মহড়ায়’ জড়িত থাকার অভিযোগ করেছিলেন।

রোববার (৭ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলেন, “জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের মন্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী দেশের শান্তি, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইতিহাস ও রাজনৈতিক আচরণ কখনোই এমন অভিযোগের সঙ্গে খাপ খায় না।”

জুবায়ের আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত সংযমী ও ধৈর্যশীল ভূমিকা পালন করেছে। তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অযৌক্তিক।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আখতার হোসেনকে তার মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এবং জনগণ, রাজনৈতিক মহল ও গণমাধ্যমকেও এই ধরনের ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক পক্ষ দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীলভাবে কাজ করবে।