‘বিপদে পাশে দাঁড়ালেই তারাই দূরে সরে যায়’: পরীমনি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ‘কৃতঘ্ন’ মানুষদের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।
পোস্টে পরীমনি কারও নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন—যাদের বিপদে তিনি পাশে দাঁড়ান, তারাই শেষ পর্যন্ত তাকে বিপদে ফেলে দূরে সরে যান। নায়িকার ভাষায়, “মানুষের সব বিপদে আমার দরজাই সবার জন্য খোলা থাকে। অথচ তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে চলে যায়।”
তবে এসব অভিজ্ঞতায় হতাশ না হওয়ার কথাও জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, নিজের মনুষ্যত্ব ও বিবেক বদলাতে না পারার জন্যই আল্লাহ তাকে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দিয়েছেন। এ জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
এদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামে নতুন আরেকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।


