‘কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম,’ মিরাজদের শান্তর হুমকি
ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবারের বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন শান্ত মজার ছলে বলেন, “এরকম ম্যাচ খেলার সুযোগ আগে কখনো পাইনি। ছাড় দেওয়ার কথা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না। শুয়াই ফেলব একদম। প্রস্তুতি তো মুখে মুখেই হচ্ছে, মাঠে কিছু দেখবেন না।”
অপরাজেয় দলের কোচ সোহেল ইসলাম যোগ করেন, “আমরা কথায় বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। মাঠে আমরা প্রমাণ করব কে কাকে শোয়ায়। বাইরে কথা চালাচালি আমরা পাত্তা দিই না।”
অদম্য দলের অধিনায়ক মিরাজ বলেন, “যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, খেলাটার কোনো মান থাকবে না। শান্ত এবং বাবুল স্যারের থ্রেটে আমরা প্রতিশোধ দেখাবো। মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন প্রতিদ্বন্দ্বিতার জবাব দিতে পারি।”
দলগুলোর খেলোয়াড়রা হলেন:
অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা, সাকলাইন সজিব, জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডল।
অদম্য দল: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।
ম্যাচটি বিজয় দিবসের আনন্দময় অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে এবং দুই দলের খেলোয়াড়রা উত্তেজনাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে খেলা উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।


