আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯.২০ কোটিতে দলে নিলো কলকাতা
আইপিএল নিলামে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরান গ্রিন ও মাথিশা পাথিরানার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। কাটার মাস্টারকে কিনতে কেকেআর খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকা।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেছিলেন মোস্তাফিজ। শুরু থেকেই তাকে পেতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দুই দলের টানাটানিতে দ্রুত বাড়তে থাকে তার দাম। এক পর্যায়ে দর ৫ কোটি রুপিতে পৌঁছালে দিল্লি সরে দাঁড়ায়।
চেন্নাই সুপার কিংস ৫ কোটি ৪০ লাখ রুপিতে প্রায় মোস্তাফিজকে নিশ্চিত করেই ফেলেছিল। তবে শেষ মুহূর্তে নিলামে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। এরপর শুরু হয় কেকেআর ও চেন্নাইয়ের মধ্যে তীব্র লড়াই। দাম বেড়ে দাঁড়ায় ৭ কোটি রুপিতে।
শেষ পর্যন্ত চেন্নাই ৯ কোটি রুপিতে প্যাডল তোলে। কিন্তু কলকাতা থেমে থাকেনি। আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ৯ কোটি ২০ লাখ রুপির প্রস্তাব দেয় তারা। এ পর্যায়ে চেন্নাই আর দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে মোস্তাফিজুর রহমানের গন্তব্য হয় কলকাতা নাইট রাইডার্স।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন মোস্তাফিজ। অভিষেক মৌসুমেই দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বিভিন্ন সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার।
নতুন মৌসুমে কলকাতার জার্সিতে মোস্তাফিজের পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।


