হত্যার হুমকির মধ্যেও সংহতি প্রকাশ : চমক

বিনোদন
হত্যার হুমকির মধ্যেও সংহতি প্রকাশ : চমক
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান দেশের প্রথম সারির অনেক তারকা। তাদের একজন, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হাদির সুস্থতা কামনা এবং ঘটনার নিন্দা জানানো পোস্টের জের ধরে চমককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অভিনেত্রী অভিযোগ করেছেন, একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যক্তিগত ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চমক একটি ভিডিও বার্তায় বলেন, “এ পর্যন্ত আমাকে কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবুও আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। যদি তারা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর উপহার মনে করব। এটি হবে শহিদি মৃত্যু।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে চমক আরও বলেন, “অনেকেই আমাকে নিরাপদ থাকার কথা বলছেন। তোমরা আমার জন্য চিন্তা করো না। আমি এ নিয়ে আতঙ্কিত নই। যদি সত্যিই কিছু ঘটে, আমি এটি গর্বের সঙ্গে স্বীকার করব। গুলি খাওয়ার ভয়ে বাসায় বসে থাকব না।”

অভিনেত্রীর এই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে সমর্থন ও সংহতির একটি ঢেউ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি দেশে নাগরিক সাহস ও প্রতিবাদের নতুন এক নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।