বিগ ব্যাশে রিশাদের জোড়া উইকেট, তবু হোবার্টের বড় হার
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে নেমে নিজের দ্বিতীয় ম্যাচেই উইকেটের দেখা পেলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত জয় পায়নি তার দল হোবার্ট হ্যারিকেনস।
ঘরের মাঠে মেলবোর্ন স্টারস ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হোবার্টকে। ১৫৯ রানের লক্ষ্য তারা টপকে যায় মাত্র ১৬ ওভারেই।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মেলবোর্ন। থমাস রজার্সের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম পাঁচ ওভারেই ৪৪ রান তুলে নেয় স্বাগতিকরা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে নিজের তৃতীয় বলেই সাফল্য পান রিশাদ। ১৮ বলে ৩০ রান করা রজার্স লং-অফে ক্যাচ দিয়ে ফেরেন।
নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রিশাদ। পরের ওভারে এসে আবারও আঘাত হানেন তিনি। তৃতীয় বলে প্যাডেল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন জো ক্লার্ক, তার সংগ্রহ ছিল ২০ বলে ২০ রান।
একই ওভারে মার্কাস স্টয়নিসের উইকেট হাতছাড়া হয় রিশাদের। স্লিপের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বলে আসে বাউন্ডারি। ওই ওভারে তিনি দেন ১০ রান।
তবে ইনিংসের দশম ও নিজের তৃতীয় ওভারে খরুচে হয়ে পড়েন বাংলাদেশি এই স্পিনার। একটি ছক্কা ও দুটি বাউন্ডারি হজম করে ওই ওভারে দেন ১৯ রান। তিন ওভারে ৩৩ রান খরচ করে ২ উইকেট নিয়ে বোলিং শেষ করেন রিশাদ।
শেষদিকে ক্যাম্পবেল ক্যালাওয়ে ও অধিনায়ক মার্কাস স্টয়নিসের ব্যাটে ভর করে সহজ জয় পায় মেলবোর্ন। ক্যালাওয়ে ২৭ বলে ৪১ এবং স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ রান করেন।
এর আগে হোবার্টের হয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন বেন ম্যাকডরমেট। ৫২ বলে ৬৯ রানের ইনিংস খেললেও অন্যরা ব্যর্থ হওয়ায় ৯ উইকেটে ১৫৮ রানেই থামে হ্যারিকেনস। টিম ডেভিড করেন ৩১ বলে ৩১ রান। শেষদিকে ব্যাট করতে নেমে রিশাদ হোসেন ৩ বলে একটি চারসহ অপরাজিত ৫ রান যোগ করেন।


